বিশ্ব ফুটবল হারাল আরেক কিংবদন্তিকে। ইতালির ১৯৮২ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং এসি মিলানের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি ৬৬ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) ক্লাব এসি মিলান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ক্লাবের শোকবার্তায় বলা হয়, ‘ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকাহত মিলান পরিবার। তার আদর্শ, নেতৃত্ব ও সততা ক্লাবের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার কিংবদন্তি ৬ নম্বর জার্সি আমাদের গৌরবের প্রতীক হয়ে থাকবে।’
১৯৬০ সালের ৮ মে ইতালির লোম্বার্দিতে জন্ম নেওয়া বারেসি ১৯৭৪ সালে এসি মিলানের বয়সভিত্তিক দলে যোগ দেন। মাত্র ১৮ বছর বয়সেই মূল দলে অভিষেক ঘটে তার। এরপর টানা দুই দশক, ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত, একমাত্র মিলানের জার্সিতেই খেলেছেন এই কিংবদন্তি ডিফেন্ডার।
মিলানের হয়ে ৭১৯টি ম্যাচ খেলে তিনি জিতেছেন তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ), ছয়টি সিরি আ শিরোপা, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপসহ মোট ১৯টি ট্রফি। ১৯৯৭ সালে অবসরের পর তার সম্মানে ক্লাবটি ৬ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসরে পাঠায়—যা মিলানের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড়ের জন্য দেওয়া এমন সম্মান।
ইতালির জাতীয় দলের হয়ে বারেসি ৮১টি ম্যাচ খেলেছেন। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে ১৯৯০ বিশ্বকাপে ইতালিকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ১৯৯৪ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে নিয়ে যান। যদিও সেই ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় আজ্জুরিদের।
সুইপার ও সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে অসাধারণ ট্যাকলিং, খেলা পড়ার দক্ষতা এবং নেতৃত্বগুণের জন্য বারেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃত। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, তিনি শুধু এসি মিলান নয়, বিশ্ব ফুটবলেরও অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড়।
বারেসির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে ২০২৫ সালে ফুসফুসের টিউমার অপসারণে অস্ত্রোপচারের পর থেকে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফুটবল বিশ্বের বর্তমান ও সাবেক খেলোয়াড়, কোচ এবং সমর্থকেরা।