মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রায় ১১৫ দিন হরমুজ প্রণালির কাছে আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-এর ১৭ জন নাবিক দেশে ফিরছেন। দীর্ঘদিন সমুদ্রে দায়িত্ব পালনের পর শারীরিক ও মানসিক ক্লান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসসি সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) রাতে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান বলেন, সাধারণত একজন নাবিক টানা প্রায় ১১ মাস জাহাজে দায়িত্ব পালন করেন। ‘বাংলার জয়যাত্রা’-এ কর্মরত ৩১ জন নাবিকের মধ্যে যাদের দায়িত্ব পালনের নির্ধারিত সময় প্রায় শেষ হয়েছে এবং দীর্ঘ সময় আটকে থাকার কারণে যারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
দেশে ফেরা নাবিকদের মধ্যে রয়েছেন জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট এবং রেটিং সদস্যরা। তাদের পরিবর্তে ইতোমধ্যে নতুন ১৭ জন নাবিক দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিএসসি জানিয়েছে, পরবর্তী পণ্য বোঝাই শেষ হলে আগামী কয়েক দিনের মধ্যে ‘বাংলার জয়যাত্রা’ ডারবান ত্যাগ করবে। জাহাজটির সম্ভাব্য পরবর্তী গন্তব্য মালয়েশিয়া। সেখানে পৌঁছালে প্রয়োজন অনুযায়ী আরও কয়েকজন নাবিককে বদলি করে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করা হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশে দীর্ঘ সময় অবস্থান করতে বাধ্য হয়েছিল ‘বাংলার জয়যাত্রা’। পরে গত ২৩ জুন জাহাজটি সফলভাবে ওই জলপথ অতিক্রম করে।
২০১৮ সালে নির্মিত বাংলাদেশের পতাকাবাহী এই বাল্ক ক্যারিয়ারের ডেডওয়েট ধারণক্ষমতা ৩৮ হাজার ৮৯৪ টন এবং এতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক কর্মরত রয়েছেন।