প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসন শুধু জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং দেশের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল ও প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় নিয়ে গেছে। তিনি নতুন গণতান্ত্রিক বাংলাদেশে শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রোববার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব, ইনশাআল্লাহ।” তিনি দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী সকল মানুষের অবদান স্মরণ করে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে।