গাজীপুরের পুবাইল এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন এবং সেই নির্যাতনের ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাতে পুবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত সেলিম খান সম্পর্কে জানা গেছে, তিনি ভুক্তভোগী শিশুটির ফুফা এবং দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর এলাকায়। তিনি মৃত আব্দুর রউফ খানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে সেলিম খান তার শ্যালকের বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়ায় শিশুটির পরিবারের কেউ কখনো তার বিরুদ্ধে সন্দেহ করেননি। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনার মাধ্যমে বিষয়টি সামনে আসে। শনিবার (২৩ মে) দুপুরে ভুক্তভোগী শিশুটির বড় বোন পরিবারের কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ছোট বোনের আপত্তিকর কিছু ছবি দেখতে পান। বিষয়টি দেখে তিনি হতবাক হয়ে যান এবং পরে পরিবারের অন্য সদস্যদের জানান। এরপর পুরো পরিবার ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং পুলিশকে বিষয়টি অবহিত করে।
অভিযোগ অনুযায়ী, সেলিম খান দীর্ঘ সময় ধরে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যেতেন। সেখানে তাকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়। শুধু তাই নয়, নির্যাতনের ঘটনাগুলো মোবাইল ফোনে ধারণ করে পরে কম্পিউটারে সংরক্ষণও করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে এসব অভিযোগ স্বীকার করেছেন।