Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

এসপি মাসুদকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, পুলিশের নজরদারিতে শীর্ষ সন্ত্রাসী রায়হান

এসপি মাসুদকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, পুলিশের নজরদারিতে শীর্ষ সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম পুলিশের অভিযানে অল্পের জন্য গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে একটি পোস্ট দিয়েছেন। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি নোয়াখালীতে পরিচালিত এক অভিযানে পুলিশ প্রায় রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও শেষ মুহূর্তে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। অভিযানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম মন্তব্য করেছিলেন, "রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।"

এর পরিপ্রেক্ষিতেই রায়হান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, "দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?" যদিও পোস্টটি রোববার দেওয়া হলেও সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

একই পোস্টে তিনি নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দাবি করেন, তারা বিপদের সময় তার পাশে ছিলেন। এছাড়া ভবিষ্যতে সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিতও দেন। তবে এসব বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, রায়হানকে গ্রেপ্তারের জন্য প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালানো হয়েছিল। তার ভাষ্য, কেউ হয়তো জেনে বা না জেনে তাকে পালাতে সহায়তা করেছে, তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

নোয়াখালীর মানুষকে ধন্যবাদ জানিয়ে দেওয়া রায়হানের পোস্ট প্রসঙ্গে এসপি বলেন, পুরো নোয়াখালীবাসী তাকে সহায়তা করেননি। অল্প কয়েকজন ব্যক্তি আশ্রয় দিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রায়হানকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।