ঠাকুরগাঁওয়ে একটি মাত্র স্মার্টফোন ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপ পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলী ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে খোরশেদ আলীকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্মার্টফোন জব্দ করে প্রাথমিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপ শনাক্ত করা হয়। পুলিশের দাবি, এসব অ্যাপের মাধ্যমে তিনি ইন্টারনেটভিত্তিক অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ক্যাসিনো আইডির মাধ্যমে তিনি অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, তিনি শুধু নিজে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন না, বরং স্থানীয় তরুণ ও সাধারণ মানুষকে অনলাইন ক্যাসিনোয় যুক্ত করতেও ভূমিকা রাখতেন।
স্থানীয়দের অভিযোগ, অনলাইন জুয়ার প্রলোভনে পড়ে অনেক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ ঋণের বোঝায় পড়েছেন এবং কিছু পরিবার চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। খোরশেদের গ্রেপ্তারের পর এলাকাবাসী অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় হুমকি। তাই মাদক ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় খোরশেদ আলীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে জব্দ করা ডিজিটাল ডিভাইস থেকে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।