Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

‘এক দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায়ও সংখ্যালঘুদের নিতে হয়’—নাহিদ ইসলাম

‘এক দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায়ও সংখ্যালঘুদের নিতে হয়’—নাহিদ ইসলাম

সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে এককভাবে সম্পৃক্ত না হয়ে সব দলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে অতিরিক্ত সম্পৃক্ততা তৈরি হলে সেই দলের অপকর্মের দায়ও অনেক সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্তায়, যা তাদের জন্য ক্ষতিকর।

শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে পরিচালিত একটি আন্দোলন। তিনি দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত নয়জন শহীদ হয়েছেন।

তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, ‘ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড ব্যবহার করে নিজেদের অসাম্প্রদায়িক এবং বিরোধীদের সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপনের চেষ্টা করত।’ নির্বাচনের সময় এ ধরনের রাজনৈতিক প্রচারণা দেখা যেত বলেও তিনি মন্তব্য করেন।

আন্দোলন-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সংকটকালে মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে মন্দির পাহারা দেওয়ার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে তিনি স্পষ্ট করেন, এমন পরিস্থিতির সৃষ্টি হোক, সেটি কেউই চায় না। বরং এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পাশাপাশি অতীতে সংখ্যালঘুদের জমি দখল, হামলা, নির্যাতনসহ সব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, টেকসই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার, শক্তিশালী গণতন্ত্র এবং স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তার মতে, সবার সমান অধিকার নিশ্চিত হলে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিক এর সুফল ভোগ করবেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, বিরোধী মত দমনের পুরোনো প্রবণতা আবারও দৃশ্যমান হচ্ছে। এই সংকটময় সময়ে রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় ঐক্য, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করা।