Loading...

  • 26 Jul, 2026

ডিসেম্বরে পরীক্ষা শেষেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে পরীক্ষা শেষেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পৌঁছে দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যাতে দেশের সব শিক্ষার্থী নতুন বই হাতে পায়, সে লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহে যাতে কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। ছাপাখানার সক্ষমতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুত বই ছাপানোর কাজ শুরু হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব বই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

এহছানুল হক মিলন আরও জানান, নতুন শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যেন সময়মতো মানসম্মত পাঠ্যপুস্তক পায় এবং নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই নির্বিঘ্নে পাঠদান কার্যক্রম শুরু করা যায়।