শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনে প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাকে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়, যা অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে বাড়তি উৎসাহের সৃষ্টি করে।
উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের '২০ হোস্টেল প্রকল্প'-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিকিৎসা শিক্ষা এবং আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং অবকাঠামো সম্প্রসারণে সরকারের একাধিক নতুন উদ্যোগ ও প্রকল্পের ঘোষণা আসতে পারে।