Loading...

  • 26 Jul, 2026

‘ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে’—সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

‘ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে’—সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

সরকার পতনের ইঙ্গিত দিয়ে আগামী দিনের আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ঢাকাকেন্দ্রিক কর্মসূচির ডাক এলে ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে এবং দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। মুক্তির মঞ্জিলে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।"

তিনি সরকারকে ‘জুলাই সনদ’ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে জনগণের দাবি মেনে নেওয়াই হবে উত্তম। অন্যথায় জনগণ অতীতের আন্দোলন-সংগ্রাম থেকে মুক্তির পথ কীভাবে তৈরি করতে হয়, তা শিখে নিয়েছে বলেও মন্তব্য করেন।

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির দাবি করেন, যারা একসময় নির্যাতিত ছিলেন, তারাই এখন ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছেন। তার অভিযোগ, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, "আমরা আর কোনো ফ্যাসিবাদ মেনে নেব না। জনগণ যেমন শেখ হাসিনার সরকারকে বিদায় করেছে, তেমনি কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।"

গণভোটের ফল বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা—গণভোটে যে রায় এসেছে, তার দ্রুত বাস্তবায়ন। এ বিষয়ে আর কোনো বিলম্ব বা টালবাহানা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করে জামায়াতের আমির বলেন, শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনকারীদের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারেরও অঙ্গীকার করেন তিনি।