দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদের শেকড় এখনো গভীরে রয়েছে এবং তা পুরোপুরি নির্মূল করা প্রয়োজন। তার ভাষ্য, যারা একসময় শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ হিসেবে উল্লেখ করেছিলেন, তাদের একটি অংশ এখন অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে ব্যস্ত।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যখন অনেক আন্দোলনকারী আশ্রয়ের সংকটে ছিলেন, তখন দল-মতের ঊর্ধ্বে উঠে জামায়াত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ ছিল না। এটি ছিল গণমানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি আন্দোলন। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এমন যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে জাতীয় গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে জামায়াত প্রস্তুত।