রাজধানীর ডেমরা ও কদমতলীতে পৃথক অভিযানে পুলিশের লুট হওয়া চারটি টিয়ার গ্যাস (কাঁদানে গ্যাস) গ্রেনেড, দুটি ম্যাগজিন এবং একটি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১০। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।
র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ডেমরা থানার মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোড সংলগ্ন পাঁচ কাঠা জঙ্গল এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে রাত ১টা ৩০ মিনিটের দিকে কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকায় চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ম্যাগজিন উদ্ধার করে র্যাব।
উদ্ধার হওয়া টিয়ার গ্যাস গ্রেনেড, রিভলবার ও ম্যাগজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।