Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর তুলনায় "হাজারগুণ ভালোভাবে" দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও বর্তমানে বেশ জটিল। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের নেতৃত্বে দেশ পরিচালনা আগের সময়ের তুলনায় ভালো হচ্ছে বলে তিনি মনে করেন।

একই সঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে আদর্শ বলা যায় না। জনগণের নিরাপত্তা আরও জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমিয়ে মানুষের জীবনযাত্রা স্বস্তিদায়ক করার প্রয়োজন রয়েছে।

সরকারের প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন তিনি দেখছেন না। বরং দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত বলে তার মত।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। কাদের সিদ্দিকীর দাবি, এসব কর্মসূচির কারণে অনেক নিরীহ নেতাকর্মী ভোগান্তির শিকার হচ্ছেন এবং একটি ঘোষণার পর থেকেই অনেক মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয়।

পরে তিনি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।