Loading...

  • 26 Jul, 2026

চ্যানেল আইয়ের অনুষ্ঠানে শাকিব খানের হাতে প্রায় কোটি টাকার রোলেক্স, আলোচনায় উপহার বিতর্ক

চ্যানেল আইয়ের অনুষ্ঠানে শাকিব খানের হাতে প্রায় কোটি টাকার রোলেক্স, আলোচনায় উপহার বিতর্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রায় কোটি টাকার একটি দামি ঘড়ি উপহার দিয়েছে চ্যানেল আই। শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তাকে এই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শাকিব খানের হাতে রোজ গোল্ড এডিশনের একটি রোলেক্স ঘড়ি তুলে দেন ফরিদুর রেজা সাগর। ঘড়িটির বাজারমূল্য প্রায় ৭১.৯৭ লাখ টাকা বলে জানা গেছে। উপহারটি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান।

তিনি বলেন, এমন দামি উপহার একজন শিল্পীর জন্য সত্যিই অপ্রত্যাশিত। কয়েক দিন ধরেই তিনি এ ধরনের একটি ঘড়ি কেনার কথা ভাবছিলেন, তার আগেই উপহার হিসেবে সেটি পেয়ে যান। শাকিব আরও বলেন, একজন শিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সহায়তায় চ্যানেল আই সবসময় এগিয়ে আসে, আর এই সম্মানও তারই ধারাবাহিকতা।

অভিনেতা বলেন, এই ঘড়িটি এখন তার কাছে শুধু একটি বস্তু নয়, বরং অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তিনি চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই মুহূর্তটি তিনি সারাজীবন মনে রাখবেন।

এর আগে একই আয়োজক প্রতিষ্ঠান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে একটি স্বর্ণের কলস উপহার দিয়ে আলোচনায় আসে। সেই সময়ও বিষয়টি বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

চ্যানেল আইয়ের এই ধরনের ব্যতিক্রমী উপহার ও সম্মাননা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে। কেউ একে শিল্পীদের প্রতি সম্মান হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন।

ট্যাগ:
শাকিব খান, চ্যানেল আই, রোলেক্স, অপু বিশ্বাস, ফরিদুর রেজা সাগর, ঢালিউড, বিনোদন, উপহার, বাংলাদেশ চলচ্চিত্র, সেলিব্রিটি নিউজ, মিডিয়া আলোচনা