Loading...

  • 26 Jul, 2026

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা জোরদারে শিলিগুড়ি সফরে অমিত শাহ

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা জোরদারে শিলিগুড়ি সফরে অমিত শাহ

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের একমাত্র স্থল সংযোগ হিসেবে পরিচিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও জোরদার করতে শিলিগুড়ি সফরে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সাম্প্রতিক আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।

শনিবার (১৮ জুলাই) উত্তরকন্যায় পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত থাকতে পারেন।

প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত অঞ্চল। নেপাল ও বাংলাদেশের মাঝামাঝি অবস্থিত এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভারত-চীন-ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থানের কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি এবং শিলিগুড়ি করিডরসংলগ্ন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে করিডরটির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ ও চীনকে ঘিরে বিভিন্ন কৌশলগত উন্নয়ন এবং সীমান্তসংলগ্ন অঞ্চলে অবকাঠামো প্রকল্পের অগ্রগতি ভারতের নিরাপত্তা পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চীন বাংলাদেশের লালমনিরহাটের পরিত্যক্ত বিমানঘাঁটি উন্নয়নের পরিকল্পনা করছে বলে দাবি করা হয়েছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়েও বাংলাদেশ ও চীনের সম্ভাব্য সহযোগিতাকে ভারতের কিছু বিশ্লেষক কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

এদিকে সীমান্ত নিরাপত্তা আরও জোরদারে পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে জমি হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বেড়া নির্মাণ, নজরদারি অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজও এগিয়ে চলছে।

শুধু নিরাপত্তা নয়, শিলিগুড়ি করিডরের যোগাযোগ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। অতিরিক্ত রেললাইন নির্মাণ, ভূগর্ভস্থ রেলপথ, বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ, হাসিমারা বিমানঘাঁটির উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজও চলমান রয়েছে।

সফরের অংশ হিসেবে শুক্রবার রাতে শিলিগুড়িতে পৌঁছে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে অবস্থান করবেন অমিত শাহ। শনিবার তিনি একটি সীমান্ত চৌকি পরিদর্শন, বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিতে অংশ নেবেন।