Loading...

  • 28 Jul, 2026

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার, সৃষ্টি হবে লক্ষাধিক কর্মসংস্থান: অর্থমন্ত্রী

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার, সৃষ্টি হবে লক্ষাধিক কর্মসংস্থান: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে প্রাথমিক বিনিয়োগ পরিকল্পনার তুলনায় আরও বড় বিনিয়োগ আসতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শুরুতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও প্রকল্পটির মোট বিনিয়োগ শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে এটি একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, চীনা অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আনোয়ারা এবং আশপাশের এলাকায় সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন), লজিস্টিকস, পরিবহন এবং বিভিন্ন সেবাভিত্তিক শিল্পের বিকাশ ঘটবে। এর ফলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

শিল্পায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের প্রতি আনোয়ারা অথবা চট্টগ্রামে একটি আধুনিক দক্ষতা উন্নয়ন কেন্দ্র (স্কিল ডেভেলপমেন্ট সেন্টার) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এমন একটি কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা দেশীয় ও চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য যোগ্য জনবল তৈরির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়াবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকার ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্তকরণ নীতিকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ এখন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন উন্মুক্ত। বিনিয়োগকারীদের সুবিধার্থে প্রয়োজনীয় নীতিগত সংস্কার ও প্রক্রিয়া সহজীকরণে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং হুমাম কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।