Loading...

  • 26 Jul, 2026

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে শিগগিরই চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ সফরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র গ্রহণের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালের ২৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি বাড়িটির প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে।

সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদের অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। তাই বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই।

অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় প্রার্থী নাকি নির্দলীয় কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে, তা পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর থেকেই রাষ্ট্রপতির কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন তিনি। তবে বাসভবন হিসেবে সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন।