Loading...

  • 26 Aug, 2026
সর্বশেষ

বিয়ের গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন, স্পষ্ট করলেন সাদিয়া জাহান প্রভা

বিয়ের গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন, স্পষ্ট করলেন সাদিয়া জাহান প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে নতুন করে বিয়ের যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভার বিয়ের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বিয়ের গুঞ্জনের বিষয়ে মুখ খোলেন প্রভা। সেখানে স্পষ্টভাবে জানান, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি।

প্রভা বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের অভিযোগ ও তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। তার ভাষ্য, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা এবং বিশ্বাসযোগ্য প্রমাণ যাচাই করা জরুরি।

নিজের অনুসারীদেরও গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রভা। তিনি জানান, তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য প্রয়োজন হলে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা অনুসারীদের জানাবেন।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, যুক্তরাষ্ট্রে পরিচিত হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। চলতি বছরের এপ্রিল মাসে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে হীরার আংটি ও ফুল হাতে আরও একটি ছবি প্রকাশ করলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। তবে শেষ পর্যন্ত এসব গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিলেন এই অভিনেত্রী।