Loading...

  • 26 Jul, 2026

‘বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’— হারের পর প্রতিশ্রুতি নিকো পাসের

‘বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’— হারের পর প্রতিশ্রুতি নিকো পাসের

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে শেষ নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে দেখছেন দলের তরুণ মিডফিল্ডার নিকো পাস। বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনার হাতে তুলে দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সুযোগ না পেলেও ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

পোস্টে নিকো লেখেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি। এই দেশ, এই জাতীয় দল এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে গর্বিত, যারা এই জার্সির জন্য জীবন উজাড় করে দেয় এবং প্রতিটি মুহূর্তে হৃদয়-প্রাণ ঢেলে লড়ে। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

সমর্থকদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেব।’

হারের পরও প্রতিপক্ষ স্পেনের প্রতি সম্মান দেখাতে ভোলেননি নিকো পাস। একই পোস্টে তিনি স্পেন ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘স্পেন এবং সব স্প্যানিশ মানুষকে অভিনন্দন। ভালো সময় হোক কিংবা কঠিন সময়—আর্জেন্টিনা সবসময়।’

স্পেনের সান্তা ক্রুজ দে টেনেরিফে শহরে জন্ম নেওয়া নিকো পাস আর্জেন্টিনার সাবেক ফুটবলার পাবলো পাসের ছেলে। রিয়াল মাদ্রিদের বিখ্যাত একাডেমিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান মিডফিল্ডার ইতোমধ্যেই জাতীয় দলে নিজের জায়গা করে নিতে শুরু করেছেন।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে তিনি আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। যদিও জন্মভূমি স্পেনের বিপক্ষে ফাইনালে তার খেলা হয়নি, তবুও বিশ্বকাপ হারার পর দেওয়া আবেগঘন বার্তায় আর্জেন্টিনার জার্সির প্রতি তার ভালোবাসা ও অঙ্গীকার ফুটে উঠেছে।

বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার নিকো পাস আগামী কয়েক বছরে আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। তার এই দৃঢ় প্রত্যয় ভবিষ্যতে আলবিসেলেস্তেদের নতুন সাফল্যের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছে।