Loading...

  • 26 Jul, 2026

বিশ্বকাপ ফাইনাল এবার দেশের সিনেমা হলের বড় পর্দায়, দর্শকদের জন্য বিশেষ আয়োজন

বিশ্বকাপ ফাইনাল এবার দেশের সিনেমা হলের বড় পর্দায়, দর্শকদের জন্য বিশেষ আয়োজন

ফুটবল বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা এবার শুধু স্টেডিয়াম বা ফ্যান জোনেই সীমাবদ্ধ থাকছে না। দেশের কয়েকটি সিনেমা হলে বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা প্রেক্ষাগৃহের আধুনিক সাউন্ড সিস্টেম ও উৎসবমুখর পরিবেশে একসঙ্গে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি।

বিশ্বকাপ চলাকালীন দর্শকদের আগ্রহ বিবেচনায় নিয়ে কয়েকটি প্রেক্ষাগৃহ নিয়মিত সিনেমা প্রদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও বড় পর্দায় দেখিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ফাইনাল উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের বিজিবি সিনেমা হল, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে

প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইনালকে ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। অনেক দর্শক আগেই টিকিট সংগ্রহ করেছেন। বড় পর্দায় শত শত ফুটবলপ্রেমীর সঙ্গে একসঙ্গে খেলা দেখার সুযোগ দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশে সিনেমা হলে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট প্রদর্শনের ইতিহাস নতুন নয়। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল। পরে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ জোনাকী সিনেমা হলে এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও মধুমিতা সিনেমা হলে সরাসরি দেখানো হয়।

প্রেক্ষাগৃহ-সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে এমন আয়োজন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করার পাশাপাশি দেশের সিনেমা হলগুলোতে উৎসবের পরিবেশ ফিরিয়ে আনছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বড় পর্দায় প্রদর্শনের মাধ্যমে নতুন দর্শক আকৃষ্ট করারও সুযোগ তৈরি হতে পারে।

এদিকে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিনে ইয়ামালের স্পেন। ম্যাচের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপনী আয়োজনে অংশ নেবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, পোস্ট ম্যালোন, জেনিফার হাডসন, ক্রিস মার্টিন, ম্যাডোনা, জাস্টিন বিবার, বিটিএস এবং শাকিরাসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকা। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিনোদনের দিক থেকেও এবারের বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।