বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) বহু ব্যবহারকারী জানিয়েছেন, তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না কিংবা লগইন করতে গিয়ে বিভিন্ন ধরনের ত্রুটির সম্মুখীন হচ্ছেন।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, লগইনের চেষ্টা করলে অনেকের স্ক্রিনে "Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes." বার্তাটি প্রদর্শিত হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, এটি ফেসবুকের সার্ভার-সংক্রান্ত সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছে।
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এর তথ্য অনুযায়ী, একই সময়ে ফেসবুক-সংক্রান্ত অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার নিয়ে (৩২ শতাংশ)। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানিয়েছেন এবং ২২ শতাংশ ব্যবহারকারী নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ করেছেন।
ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকে ত্রুটির বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন, যা থেকে বোঝা যায় সমস্যাটি বিভিন্ন অঞ্চলে একযোগে দেখা দিয়েছে।
এদিকে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ বা সমাধান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে ঠিক কী কারণে এই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে এবং কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বৈশ্বিক বিভ্রাট সাধারণত সার্ভার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার ত্রুটি বা অবকাঠামোগত সমস্যার কারণে সাময়িকভাবে দেখা দিতে পারে। ব্যবহারকারীদের কিছুক্ষণ পর পুনরায় লগইনের চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে।