Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা করলেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা করলেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী

বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলায় একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, একটি বিজ্ঞাপনের চুক্তি সম্পন্ন করার কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত চেয়ারম্যান তাকে অন্য এক নারী ‘জেবা তাকিয়া’ ভেবে ভুল করেন। তার দাবি, ওই নারী পূর্বে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে চেয়ারম্যান মনে করেন এবং সেই ভুল ধারণা থেকেই তার ওপর হামলা চালানো হয়।

স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, ঘটনার সময় তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি আরও দাবি করেন, একপর্যায়ে তার গলা চেপে ধরা হয়, মোবাইল ফোন ছুড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নিজের জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় তিনি অভিযুক্ত ব্যক্তিকে তার পরিবারের কথা স্মরণ করিয়ে অনুরোধ করেছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, এরপরও নির্যাতন বন্ধ হয়নি।

এদিকে, মামলার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। সম্প্রতি কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।