বিএনপিকে ফ্যাসিবাদের দল হিসেবে আখ্যায়িত করা সমালোচকদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তুলেছেন, জামায়াত নিজেই কতটা গণতান্ত্রিক দল।
সোমবার (২৭ জুলাই) রংপুর সফরের সময় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে মন্তব্য করছেন, তাদের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা থাকলে এ ধরনের মন্তব্য করার সুযোগ থাকে না। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানান এবং দলটি নিজেই গণতান্ত্রিক কি না—সেই প্রশ্নও তোলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। তবে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাসহ নির্বাচন-সংক্রান্ত বিষয়গুলো নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মির্জা ফখরুল রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ প্রদান এবং কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।