Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি, করণীয়-বর্জনীয় জানাল সরকার

বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি, করণীয়-বর্জনীয় জানাল সরকার

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মরত দেশের আইন-কানুন মেনে চলার বিষয়ে সচেতন করতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং স্থানীয় আইন মেনে চলাসহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থল ও অবস্থানরত দেশের আইন, বিধি-বিধান, সাইবার আইন এবং সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রবাসীদের পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইতিবাচকভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চাকরি, কর্মস্থল বা নিয়োগকর্তা-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক লিংক, বার্তা বা ফাইল থেকে সতর্ক থেকে অনলাইন প্রতারণা (স্ক্যাম) ও ফিশিংয়ের বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তা যাচাই করার পরামর্শ দিয়ে গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক কনটেন্ট প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বর্জনীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে—সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করা। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো পোস্ট বা প্রচারণায় অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা কর্মরত দেশের আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অনলাইন প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অনুদান না দেওয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থাপনার ছবি বা ভিডিও প্রকাশ না করা এবং পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ ছড়াতে পারে এমন মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক প্রতারণা থেকে দূরে থাকারও আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।