সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে বিদেশ সফরে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নিয়মের আওতায় পড়বেন।
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা এক অফিস স্মারকে সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণিতে ভ্রমণসহ বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধার বিধান ছিল। নতুন আদেশে সেই সুবিধা সীমিত করে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
সরকারি ব্যয় নিয়ন্ত্রণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।