Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান সজীব ওয়াজেদ জয়ের

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান সজীব ওয়াজেদ জয়ের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশটি ভবিষ্যতে আঞ্চলিক জঙ্গিবাদের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে।

বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা বর্তমানে বাংলাদেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। তার দাবি, ভারতের পূর্ব সীমান্তে ‘আরেকটি পাকিস্তান’ তৈরি হচ্ছে, যা শুধু ভারতের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় গ্রেপ্তার হওয়া অনেক সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে কর্মসূচি পালন করছে এবং আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে তিনি দাবি করেন।

নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে বিএনপি সরকারের অনুমোদিত একটি দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ বিচার হচ্ছে না বলেও দাবি করেন তিনি।