চলতি বছর বাংলাদেশ থেকে আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা, পরিশ্রম ও দায়িত্বশীলতার কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারী চালকেরা সফলভাবে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তারা।
প্রতিনিধিদল আরও জানায়, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য চালক বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে ১ হাজার ৫০০ জন চালক নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে চলতি বছরে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য এ ধরনের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে তিনি আশাবাদী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়েও কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করা উচিত। পাশাপাশি তিনি চালকদের পাশাপাশি ডাক্তার, নার্স ও অন্যান্য পেশাজীবী বাংলাদেশিদেরও নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অনেক বেশি অর্থ ব্যয় হয়। দরিদ্র ও শ্রমজীবী মানুষদের অনেক সময় ঋণ নিয়ে বিদেশ যেতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
ট্যাগ:
#দুবাই #বাংলাদেশি_ড্রাইভার #বিদেশে_চাকরি #প্রবাসী_কল্যাণ #ইউএই #কর্মসংস্থান #বাংলাদেশ #ড্রাইভার_নিয়োগ #প্রবাসী #দুবাই_ট্যাক্সি