Loading...

  • 21 Jun, 2026

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কর্মীদের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে পারেন। তারা পতাকা উত্তোলন, ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বা সমাবেশের চেষ্টা করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হলে সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে।

পুলিশের মূল্যায়নে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচিতে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। সেক্ষেত্রে পুলিশের ওপর হামলা বা উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এই প্রেক্ষাপটে সব ইউনিটকে মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও প্রচারমূলক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। একই দিনে গণভবনের সামনের এলাকাতেও দলটির সহযোগী সংগঠনের একটি সংক্ষিপ্ত মিছিলের খবর পাওয়া যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য সহিংসতা, নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনার এই সময়ে সংযম ও দায়িত্বশীল আচরণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy