Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান ও জনস্বাস্থ্য গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন আইসিডিডিআর,বির সিনিয়র বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

সংক্রামক রোগ নিয়ে গবেষণা, সাশ্রয়ী মূল্যের টিকা উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘদিনের অসাধারণ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) এ স্বীকৃতি দিয়েছে।

২০১২ সাল থেকে বিডিআই বাংলাদেশের উন্নয়ন, গবেষণা, শিক্ষা, জনস্বাস্থ্য এবং মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দিয়ে আসছে। ড. ফিরদৌসী কাদরীর দীর্ঘ গবেষণা জীবন, সংক্রামক রোগ প্রতিরোধে তার উদ্ভাবনী কাজ এবং জনস্বাস্থ্য উন্নয়নে নিরলস অবদান তাকে এ আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিডিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ড. ফিরদৌসী কাদরীর হাতে ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে তিনি জনস্বাস্থ্য, গবেষণা এবং বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ মূল বক্তব্য (Keynote Speech) প্রদান করবেন।

গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের বিজ্ঞানী, বিশেষ করে নারী গবেষকদের অনুপ্রাণিত করতেও ড. ফিরদৌসী কাদরীর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। দেশের চিকিৎসা বিজ্ঞানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে তার অবদান দীর্ঘদিন ধরেই স্বীকৃত।

বিশেষজ্ঞদের মতে, এই আন্তর্জাতিক সম্মাননা শুধু ড. ফিরদৌসী কাদরীর ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের চিকিৎসা গবেষণা, জনস্বাস্থ্য এবং বৈজ্ঞানিক সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।