Loading...

  • 26 Jul, 2026

২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি টাকার বেশি, উদ্বৃত্ত প্রায় ৭ কোটি

২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি টাকার বেশি, উদ্বৃত্ত প্রায় ৭ কোটি

২০২৫ অর্থবছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা, ফলে বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বিএনপির আয়ের প্রধান উৎস হলো সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত (এফডিআর) থেকে প্রাপ্ত সুদ।

তিনি বলেন, দলের ব্যয়ের বড় খাতগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা, পোস্টার ও লিফলেট ছাপানো, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং অন্যান্য সাংগঠনিক ব্যয়।

বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে নির্বাচন কমিশনের কাছে দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে দাখিল করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নেবে নাকি জোটগতভাবে প্রার্থী দেবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে এবং সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।